পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালী শহরের লাউকাঠি নদীর ওপর নির্মিত ‘পটুয়াখালী সেতু’র উত্তর পাশে গার্ডার বেয়ারিং প্যাড কার্যকারিতা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে সেতুর গার্ডারের উপরের স্ল্যাব দেবে গেছে। গতকাল বুধবার সকালেই স্ল্যাব দেবে যাওয়ার ঘটনা নজরে আসে।
খবর পেয়ে সড়ক বিভাগের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরনো গার্ডার বেয়ারিং প্যাড অপসারণ করে সেখানে নতুন বেয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু করেন। কাজ চলাকালে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন থেকে চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে।
বাসচালক মো. শাহ আলম বলেন, ‘স্ল্যাব দেবে যাওয়ার পর বাস নিয়ে সেতু পার হতে ভয় লাগছিল। তবে সড়ক বিভাগ দ্রুত ব্যবস্থা নেওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।’ সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০০০ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুর স্ল্যাব গার্ডার বেয়ারিং প্যাডের উপর স্থাপিত। সাধারণত একটি বেয়ারিং প্যাডের কার্যকারিতা ২০ থেকে ২৫ বছর পর্যন্ত থাকে। নির্ধারিত সময় শেষে এগুলো পরিবর্তন না করলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পটুয়াখালী সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম বলেন, ‘গার্ডার বেয়ারিং প্যাডের কার্যকারিতা কমে যাওয়ায় স্ল্যাব কিছুটা দেবে গেছে। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী রুটিনমাফিক বেয়ারিং প্যাড পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।’
তিনি আরও জানান, সেতুর প্রতিটি গার্ডারের বেয়ারিং প্যাড পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। পুরো কাজ শেষ করতে অন্তত ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। এ সময় যানবাহন চালকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছেন তিনি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।