বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা কিছু ল্যাব ও ক্লিনিকের চিকিৎসকের কাছে প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনই একটি অভিযোগ করেছেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মোঃ লোকমান হাওলাদার।
লোকমান হাওলাদার অভিযোগ করে বলেন, তার স্ত্রী আকলিমা বেগমকে কলাপাড়ার মেডিসিন স্কয়ার হাসপাতালে সিজার অপারেশনের জন্য নেওয়া হলে ডাঃ অনুপ কুমার সরকারের ভুল চিকিৎসা ও প্রতারণার শিকার হন তারা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে ডাঃ অর্পিতা রায়ের কাছে গেলে তিনি রোগীর অবস্থা ভালো নয় বলে দ্রুত সিজার অপারেশন করানোর পরামর্শ দেন। তিনি বলেন, বরিশাল থেকে বড় ডাক্তার এনে অপারেশন করাতে পারবেন। পরে টাকার অভাবে সেদিন চলে গেলেও পরবর্তীতে ফোন করে আবার ক্লিনিকে আসতে বলা হয় এবং পরে টাকা দিলেও হবে বলে জানানো হয়।
লোকমানের দাবি, সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে ডাক্তার জসিম উদ্দিনকে এনে রক্তক্ষরণ বন্ধ করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ডাঃ অর্পিতা রায়। তিনি বলেন, রোগী ও তার স্বজনরা চিকিৎসক সম্পর্কে জেনেই ক্লিনিকে ভর্তি হয়েছেন। অপারেশনের পর মা ও নবজাতক দুজনেই সুস্থভাবে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক আইনী হস্তক্ষেপ কামনা করেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।