নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদের *তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য* হয়েছেন। এর মাধ্যমে জাতীয় গণমাধ্যম নীতি, তথ্য ও সম্প্রচার খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় আলোচনায় ভূমিকা রাখার সুযোগ পেলেন তিনি।
আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের এমপি মো. আমানউল্লাহ আমানকে কমিটির সভাপতি করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ড. মাসুদের সামনে গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ, সম্প্রচারব্যবস্থার আধুনিকায়ন ও সাংবাদিকদের পেশাগত পরিবেশসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে নতুন এই দায়িত্ব পালনের পাশাপাশি বাউফলের নদীভাঙন, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত সমস্যাগুলোও তিনি সংসদে আরও জোরালোভাবে তুলে ধরবেন।
রাজনীতির মাঠ থেকে সংসদ, আর এবার জাতীয় গণমাধ্যম নীতির আলোচনার টেবিলে—ড. শফিকুল ইসলাম মাসুদের জন্য এটি নতুন এক অধ্যায়ের সূচনা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।