শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

জেলের জালে একসাথে ৪০ কোরাল, নিলামে বিক্রি ১ লাখ ৭১ হাজার টাকা!

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে একসাথে ধরা পড়েছে বড় আকারের ৪০টি সামুদ্রিক কোরাল মাছ। দীর্ঘদিনের মাছের আকাল ও নিষেধাজ্ঞার পর এমন ধরা জেলেদের মাঝে ফিরিয়েছে স্বস্তি ও আনন্দ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে প্রতি কেজি ১,২২৫ টাকা দরে বিক্রি করা হয়। মোট সাড়ে তিন মণ (১৪০ কেজি) ওজনের এই ৪০টি মাছের বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। এসময় মাছগুলো দেখতে বন্দরে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ‘দীর্ঘদিন পর একসাথে এত বড় কোরাল মাছ ধরা পড়ার খবর শুনে ছুটে এসেছি। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না, তাই সকাল থেকেই মানুষের ভিড় ছিল।’

ট্রলারের মাঝি আব্দুল কাদের বলেন, ‘দীর্ঘ দুই মাস পর বড় কোনো মাছের দেখা পেলাম। একসাথে এতগুলো কোরাল পেয়ে আমরা খুব খুশি। আমাদের কষ্টের কিছুটা হলেও সার্থকতা এসেছে।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাগরে মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞা ও সংরক্ষণ কার্যক্রমের সুফল এখন পাওয়া যাচ্ছে। একসাথে এত কোরাল ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।’

আরো পড়ুন

শিকলে বাঁধা মেয়ে, অসুস্থ বোন—ষাটোর্ধ্ব আছিয়ার একার লড়াই

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মেয়ে ও বোন—দুজনই মানসিকভাবে অসুস্থ। একজনকে মানুষের ক্ষতি করার আশঙ্কায় শিকলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *