শনিবার, এপ্রিল ৪, ২০২৬

নলছিটিতে বেদখল জমি ও দোকান উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

এনামুল হক সিকদার, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে সাবেক এক সেনা সদস্যের জমি ও ছয়টি দোকান জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে দখলে থাকা ওই সম্পত্তি উদ্ধার এবং প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সেনা সদস্য মরহুম আবুল কালাম আজাদের মেয়ে আইরিন সুলতানা। এ সময় তার মা, ভাইসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আইরিন সুলতানা জানান, তার বাবা আবুল কালাম আজাদ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। অবসরের পর তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। চাকরি থেকে অবসরের পর পাওয়া অর্থ দিয়ে ১৯৯০ সালে নলছিটি শহরের সাথীর মোড়ে পৈত্রিক ও লিজ নেওয়া জমির ওপর ছয়টি আধাপাকা স্টল নির্মাণ করেন। ওই দোকানগুলোর ভাড়ার আয় দিয়েই চলত তাদের সংসার এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ।

তিনি অভিযোগ করেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আলমগীর হোসেন খান নামে এক ব্যক্তি ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তাদের জমি ও দোকানগুলো দখলে নেন। এ ঘটনায় তার বাবা নলছিটি থানায় অভিযোগ ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করলেও কোনো প্রতিকার পাননি। বরং তাকে মারধর করা হয় এবং পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয় বলে দাবি করেন তিনি।

আইরিন সুলতানা আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর হোসেন খান আদালতে একাধিক মামলা করেন। তবে প্রতিটি মামলায় তার বাবা আবুল কালাম আজাদ আদালতের রায় পান। এরপরও জমি ও দোকান বুঝে পাননি তিনি। পরিবারের ভবিষ্যৎ ও জীবিকার চিন্তায় দুঃখ-কষ্ট ও হতাশার মধ্যেই ২০১০ সালে তিনি মারা যান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার পরিবর্তনের পরও একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মাধ্যমে সালিস-মীমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি কোনো কাগজপত্র নিয়ে উপস্থিত হননি এবং এখনো জোরপূর্বক দোকানগুলো দখলে রেখেছেন। দোকানের আশপাশে গেলেও তাদের গুম ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আইরিন সুলতানা।

এ অবস্থায় পরিবারের পৈত্রিক জমি ও দোকান উদ্ধারে পুলিশ বিভাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্ত আলমগীর হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো পড়ুন

ঝালকাঠিতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসলে আলিফ নেমে (১৫) নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *