মোঃ আল-আমিন পটুয়াখালী বাউফল প্রতিনিধিঃ
বাউফলসহ চন্দ্রদ্বীপের মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
আজ শুক্রবার দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি অনলাইনে সরাসরি যুক্ত হয়ে এ কথা বলেন। এসময় তিনি স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের খাস জমি নিয়ে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে, তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
সন্ত্রাস, ডাকাতি ও সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “এই মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না।” পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত স্থানীয়রা এমপি মহোদয়ের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন। প্রযুক্তির মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে জনপ্রতিনিধির এমন সম্পৃক্ততা চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, সাবেক ছাত্র নেতা আতিক নজরুলসহ অন্যরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।