আবু জিহাদ, আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে এক লাখ টাকা নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুদকের পটুয়াখালী কার্যালয়ের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা জব্দ করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড আমতলী পৌরসভা এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিচালনা করছিল।
অভিযোগ রয়েছে, ওই কাজ বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে নানা অজুহাতে বাধা সৃষ্টি করছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান। কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন সময়ে অর্থ দাবি করতেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেডের পরিচালক মো. নোমান গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার পটুয়াখালী দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দুদক কার্যালয় থেকে বিষয়টি যাচাই-বাছাই করে অভিযুক্ত প্রকৌশলীকে হাতেনাতে ধরার পরিকল্পনা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জব্দ করা এক লাখ টাকার নোটের নম্বর ও আগে সংরক্ষিত নম্বরের তালিকা মিলিয়ে দেখা হয়। দুদকের দাবি, জব্দ করা টাকার নম্বর অভিযোগের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত নম্বরের সঙ্গে হুবহু মিলে গেছে। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে টাকাগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস সাংবাদিকদের জানান, আমতলী পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ক্ষেত্রে উপসহকারী প্রকৌশলী রুবেল খানের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ রয়েছে। শুধু একটি প্রকল্প নয়, পৌরসভার একাধিক উন্নয়নকাজের ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার বিষয়টিও অভিযোগের আওতায় রয়েছে বলে জানান তিনি।
তাপস বিশ্বাস আরও বলেন, দুর্নীতি ও ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিকে আমতলী থানায় হস্তান্তর করা হবে এবং পরদিন আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।
এদিকে, আমতলী পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদনসহ নানা নাগরিক সেবা নিতে গিয়ে প্রকৌশলীর বিরুদ্ধে হয়রানি ও অর্থ দাবির অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। তাঁদের অভিযোগ, বিভিন্ন কাজের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পৌর এলাকার সচেতন নাগরিকেরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।