ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে পড়ে রাইসা আক্তার নামে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাইসা একই ইউনিয়নের ডুবি গ্রামের মো. আব্দুল কাইয়ুমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা মা রুমানা বেগম বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরে শারীরিক ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ঘুম থেকে উঠে মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কেরামুদ্দিন খালে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত শিশুটি খালে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।