বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

মায়ের সঙ্গে অভিমানে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে বিষপানের পর মোসা. লামিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার সাঙ্গর গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে এবং রাজাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার এক যুবকের সঙ্গে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও বিষয়টি নিয়ে পরিবারের আপত্তি ছিল। একপর্যায়ে লামিয়ার মা ওই যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বিয়ের বিষয়ে তার পরিবারের সদস্যদের প্রস্তাব নিয়ে আসতে বলেন। তবে পরে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় মেয়েকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন তিনি।

এ নিয়ে মা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লামিয়াকে শাসন ও মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। এতে অভিমান করে ঘরে থাকা পোকামাকড়নাশক বিষাক্ত ট্যাবলেট সেবন করেন তিনি।

বিষপানের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম বলেন, ‘একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মা তাকে কয়েকটি থাপ্পড় দেন। এতে অভিমান করে লামিয়া বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘বিষপানে মৃত্যুর ঘটনার কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

 

আরো পড়ুন

নির্বাচনের আগে লোভনীয় অফার দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হয়েছে – সার্জিস আলম 

বুলবুল আহমেদ, ঝালকাঠি  প্রতিনিধিঃ ‘ফ্যামিলি কার্ড এখন আর আলোচনায় নেই। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *