মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ সময় বক্তব্য দেন মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, মেজবাহউদ্দিন মান্নান, মোসা. দুলালী, কবির তালুকদার, নজরুল ইসলাম, নাজমুস সাকিব ও সাইফুল্লাহ মাহমুদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা সময়ের দাবি। এ ক্ষেত্রে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শপথ গ্রহণকালে অংশগ্রহণকারীরা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং টেকসই ভবিষ্যৎ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তারা জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে নিজেদের মতামত একটি ব্যানারে লিখে স্বাক্ষরের মাধ্যমে সমর্থন জানান।
অনুষ্ঠানটির আয়োজন করে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।