রবিবার, জুলাই ২৬, ২০২৬

মহিপুরে গরু ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা, আহত অবস্থায় ফেলে রেখে ৭২ হাজার টাকা লুটের অভিযোগ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানাধীন খাপড়াভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে রেখে সঙ্গে থাকা ৭২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ জুন ২০২৬) রাত প্রায় ৯টার দিকে আহত ব্যবসায়ীর নিজ বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সালাউদ্দিন হাওলাদারের স্ত্রী মোসা. তহমিনা জানান, তার স্বামী গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে ইয়াসিন গাজী, তার পিতা আমির গাজী এবং ভাই ইব্রাহিম গাজী হামলা চালায়। হামলার সময় তার স্বামীর কাছে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তির বুকের ভেতরে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং ফুসফুস পর্যন্ত আঘাত পৌঁছেছে। এছাড়া দুই হাতের বাহুতে গভীর কোপের কারণে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *