রবিবার, জুলাই ২৬, ২০২৬

বিসিবির পরিচালক নির্বাচিত ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান। রবিবার (৭ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোলার কাউন্সিলর মুনতাসির আলম পান ১ ভোট। বরিশাল অঞ্চলে মিজানুর রহমান একজন সফল শিল্পপতি, ক্রীড়া সংগঠক এবং ফরচুন গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার হিসেবে সুপরিচিত। তিনি পাদুকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ফরচুন সুজ লিমিটেড’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

২০১২ সালে বরিশাল বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠিত তার এই রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিল্পখাতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা।

তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল ফরচুন বরিশালের মালিক ও প্রধান পৃষ্ঠপোষক। তার নেতৃত্বে দলটি দেশের ক্রিকেট অঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

এদিকে, বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর পরিচালকদের ভোটে তিনি একক প্রার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হন।

বছরখানেক আগেও পেশাদার ক্রিকেটে সক্রিয় থাকা তামিমের নেতৃত্বে আগামী চার বছর দেশের ক্রিকেট পরিচালিত হবে। নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে তামিমসহ ১৩ জন, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন এবং বিভিন্ন সংস্থা থেকে একজন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজন পরিচালক মনোনীত করেছে। সব মিলিয়ে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করবে। পরিচালক নির্বাচিত হওয়ার পর মিজানুর রহমানকে বরিশালের ক্রীড়াঙ্গন, ব্যবসায়ী মহল এবং ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *