মঙ্গলবার, জুন ৯, ২০২৬

মহিপুরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৬ হাজার ৪০০ টাকা এবং মাদক প্যাকেটজাতকরণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরের পর মহিপুর থানার অদূরে টিএন্ডটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মহিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিপুর থানার এসআই জাকির হোসেন, এসআই মাসুদ খান ও এসআই আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় ইব্রাহিমের দোকান ও বসতবাড়িতে তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৩৬ হাজার ৪০০ টাকা এবং গাঁজা প্যাকেটজাতকরণের কাজে ব্যবহৃত কাঁচিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মহিপুর সদর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ইব্রাহিম (৫২) এবং তার স্ত্রী শারমিন (৪২)। পুলিশ জানায়, ইব্রাহিমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার এসআই জাকির হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতা এবং তথ্য প্রদানের কারণে অভিযানটি সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদক কারবারের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “মাদকমুক্ত মহিপুর গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ লড়াইয়ে আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা যাবে।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *