শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

নিজেস্ব প্রতিনিধিঃ 

“কৃষিই সমৃদ্ধি, করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুরের যৌথ আয়োজনে খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাহামুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দীন বাচ্চু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, ফলজাত পণ্য এবং আধুনিক ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা ফল উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার সুযোগ পান।
স্টল পরিদর্শন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণের অন্যতম প্রধান উৎস। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
এ সময় বক্তারা নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদন, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং ফল প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের লাভজনক ও আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ফল মেলায় বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী, কৃষি প্রযুক্তিবিষয়ক পরামর্শ, কৃষকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম এবং দর্শনার্থীদের জন্য তথ্যভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মেলার মূল উদ্দেশ্য হলো ফল চাষে আগ্রহ বৃদ্ধি, জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরি এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *