বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি, 
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের ছাত্রনেতা শেখ শোয়েব, মো. খালিদ হাসান, ওমর ফারুক, ইমতিয়াজ সিজান, সিফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় তারা পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
ছাত্রনেতা মো: খালিদ হাসান বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশ দূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।
কর্মসূচি শেষে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *