নিজস্ব প্রতিবেদক।।
নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে বরিশালে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন বরং তিনি সাম্য, মানবতা, প্রেম এবং সম্প্রীতিরও কবি। তাঁর রচনায় যেমন অন্যায়, শোষণ-বঞ্চনা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ উঠে এসেছে, তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বানও প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের একটি বড় অংশ ডিজিটাল স্ক্রিন ও বিদেশি সংস্কৃতির প্রতি আগ্রহী হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও বহুমাত্রিক প্রতিভা সম্পর্কে তাদের পর্যাপ্ত ধারণা নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সীমিত থাকা সত্ত্বেও নজরুলের কবিতা, গান, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাংবাদিকতায় অসামান্য অবদান রেখেছে। এসময় তিনি তরুণ প্রজন্মকে আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নজরুলচর্চা এবং তাঁর সাহিত্য পাঠের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বেগম ফয়জুন নাহার শেলী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বরিশাল (দক্ষিণ) জেলার সভাপতি এস এম সাব্বির নেওয়াজ সাগর ও মহানগরের আহ্বায়ক মীর আদনান আহমদ তুহিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন বরিশাল জেলা কালচারাল অফিসার তানভীর রহমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।