রবিবার, জুলাই ১২, ২০২৬

এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবলু মাঝির দোকান থেকে মানিক হাওলাদারের দোকান পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের মাত্র এক মাসের মধ্যেই ধসে পড়েছে। প্রায় ১ কোটি ২০ লাখ ১১ হাজার ৫৯১ টাকা ব্যয়ে নির্মিত সড়কের একাংশ সামান্য বৃষ্টিতেই ভেঙে যাওয়ায় নির্মাণকাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কটির সংস্কারকাজ গত ১০ জুন ২০২৬ তারিখে সম্পন্ন হয়। এলাকাবাসীর প্রত্যাশা ছিল, নতুন সড়কটি নির্মিত হওয়ায় তাদের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের অবসান ঘটবে। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের একটি অংশ ধসে পড়ায় সেই আশা হতাশায় পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রয়োজনীয় মাটি ভরাট ও কম্প্যাকশন না করা এবং যথাযথ তদারকির অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, নির্মাণকাজ চলাকালে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার এ সড়কটি কুতুবা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শত শত সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের যানবাহন এ পথ ব্যবহার করে। বর্ষা মৌসুম শুরু হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সড়কটির আরও বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জনদুর্ভোগকে চরম আকারে পৌঁছে দিতে পারে।
সড়ক ধসের ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অংশসহ পুরো সড়কটি টেকসই ও মানসম্মতভাবে পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন।
জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো পড়ুন

কলাপাড়ায় বিলুপ্ত  দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া: দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী করার লক্ষ্যে গ্রামীন পুরুষ ও নারীদের দেয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *