বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসে ডুবোচরে আটকা লঞ্চ, উদ্ধারে গিয়ে ডুবল নৌকা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বরিশালে আসার পথে হিজলা উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বহনকারী একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়ে। পরে তাদের উদ্ধারে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকাও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, লঞ্চটি ডুবোচরে আটকা পড়ার পর যাত্রীদের উদ্ধারে একটি নৌকা পাঠানো হয়। অতিরিক্ত যাত্রী ওঠার কারণে নৌকাটি ডুবে যায়। তবে দ্রুত সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ নৌপথের অভিযান-৫ লঞ্চে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের কর্মসূচিতে যোগ দিতে রওনা হন। পথে উপজেলার বিভিন্ন ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের কাছে পৌঁছালে লঞ্চটি ডুবোচরে আটকে যায়।

তিনি বলেন, পরে যাত্রীদের পারাপারের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা পাঠানো হয়। কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাটি নদীতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা ও স্পিডবোটের মাধ্যমে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

আসাদুজ্জামান সজল আরও জানান, পরে স্পিডবোটে করে নেতাকর্মীরা বরিশাল নগরীতে পৌঁছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন। নৌ-পুলিশ জানায়, নৌকা ডুবির ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

বরিশালে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, ১ মাসে ৪ খুন ও ১২ ধর্ষণসহ ৪৭১ অপরাধ

ফাহিম ফিরোজ : বরিশাল মহানগরী ও জেলায় এক মাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *