মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম টিয়াখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে বায়েজিদের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত বায়েজিদ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে।
স্থানীয়রা জানান, টিয়াখালী এলাকায় ভ্যান কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকেই বায়েজিদের মরদেহ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।