বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

গৃহবধূ শিরিন হত্যা: বিচার দাবিতে নলছিটিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

এনামুল হক সিকদার, নলছিটি প্রতিনিধি:
বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনরা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিরিন আক্তারের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কলি আক্তারসহ স্বজনরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শিরিনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন। তাঁদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, “আমার মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মা নাজমিন বেগম বলেন, “আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। যারা আমার মেয়ের জীবন নষ্ট করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।”
ভাই জাহিদুল ইসলাম জানান, মৃত্যুর আগে শিরিন তাঁকে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিলেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ জুলাই বরিশাল নগরের চাঁদমারী এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা শাহ আলম মোল্লা বরিশাল কোতোয়ালি মডেল থানায় শিরিনের স্বামী এনামুল হক শাহিন, ননদ খাদিজা এবং নানী ফিরোজা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই রাজিব হোসেন জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় শিরিনের স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের পেশাদার সাংবাদিক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *