আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি,
সমন্বিত উদ্যোগ জোরদার এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও কার্যকর
করার লক্ষ্যে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির দ্বিবার্ষিক সভা
অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের
আয়োজনে ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর এমপাওয়ারিং কমিউনিটিজ ফর
চিলড্রেন রাইটস (ইসিসিআর) প্রকল্পের সহযোগিতায় মানবপাচার
প্রতিরোধ কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা
সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রজেক্ট অফিসার যিহিস্কেল
ইজারদারসহ প্রমুখ।
উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মানবপাচারের বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ
করে নারী ও শিশুদের সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন, স্থানীয়
পর্যায়ে নজরদারি জোরদার, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং
মানবপাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ
আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মানব
পাচারের শিকার ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে কার্যকর রেফারেল ব্যবস্থা
নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মানবপাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার,
শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সাধারণ জনগণের
সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার
মাধ্যমে মানবপাচারমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।