সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদীতে গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।
সভায় ইউএনও মো. ইব্রাহীম গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বিশেষভাবে বলেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নে গ্রাম পুলিশদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে কাজ করার সময় তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না। প্রকৃতভাবে যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, তাদের তথ্য সঠিকভাবে সংগ্রহ ও যাচাই নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬ অনুযায়ী আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ সম্পন্ন করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে তাদের প্রশিক্ষণ ও ট্যাবলেট বিতরণ করা হবে। এরপর ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৪৫ দিন মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয় এবং জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।