মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় এলাকা থেকে জুয়া খেলার সময় ৬ জন জুয়ারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসান।
আটককৃতরা হলেন— বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), মলুহার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) ও মেহেদী হাসান (৩৯), উমারেরপাড় ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) এবং ছালাম হাওলাদার (৪৫)।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া পরিচালনার অন্যান্য উপকরণ।
সেনাবাহিনীর সূত্র জানায়, আটককৃত এনামুল হক ও তার সহযোগীরা স্থানীয়ভাবে দুর্বৃত্ত হিসেবে পরিচিত এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
আটককৃতদের পরবর্তীতে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।