বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ২৬ কেজি ওজনের একটি বড় আকৃতির সামুদ্রিক ভোল মাছ নিলামে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে মাছটি ঘাটে ওঠার পর সেটি দেখতে জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এফবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজের আড়তে মাছটি তোলা হলে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ট্রলারের জেলে রহিম মাঝি বলেন, জাল তোলার সময় বড় আকৃতির একটি মাছ উঠে আসে। পরে সেটি ভোল মাছ বলে নিশ্চিত হন তাঁরা। এত বড় ভোল মাছ সচরাচর ধরা পড়ে না। ভালো দাম পাওয়ায় ট্রলারের সবাই খুশি।
মাছটির ক্রেতা ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, ২৬ কেজি ওজনের মাছটি বড় আকারের এবং মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় কিনেছেন। এটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে। বড় আকারের ভোল মাছের বাজারে চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া গেছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভোল মাছ বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক মাছ। সাধারণত এত বড় আকারের ভোল মাছ খুব কম ধরা পড়ে। ২৬ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়া একটি উল্লেখযোগ্য ঘটনা। তিনি বলেন, ভোল মাছ উচ্চমানের প্রোটিন ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ হওয়ায় এর পুষ্টিগুণ ও বাজারচাহিদা উভয়ই বেশি।

আরো পড়ুন

ফ্ল্যাট কেনার ক্ষেত্রে করণীয়

নিজস্ব প্রতিবেদক।। ফ্ল্যাট কেনার পর কেউই ঝামলায় পড়তে চায়না, তাই কেনার আগেই  কিছু বিষয় যাচাই করে নেয়া উচিত। আপনি যদি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন, তাহলে ফ্ল্যাট কেনার আগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *