রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

রাজাপুরে জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে বিপাকে তিন উপজেলার মানুষ

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি আয়রণ ব্রিজ ভেঙে তিন দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়ায় পারাপার হচ্ছেন স্থানীয়রা। জনপ্রতি দিতে হচ্ছে ৫ টাকা।
গত রোববার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরেরহাট থেকে আরুয়া-সোনারগাঁও সড়কের সংযোগ সড়কের জালোবাড়ি খালের ওপরের ব্রিজে বালুবাহী একটি জাহাজ ধাক্কা দিলে সেটি ভেঙে পড়ে। পরে জাহাজটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হলেও ব্রিজটি সংস্কার না হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে এটি সংস্কারের প্রয়োজন হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, বালুবাহী জাহাজের চলাচলে বিভিন্ন এলাকায় ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে।
ব্রিজে ধাক্কা দেওয়া জাহাজটির মালিক উপজেলার বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও এলাকার আব্দুল গনি সিকদারের ছেলে মো. বাদশা সিকদার। এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি বালুবাহী জাহাজের চলাচল নিয়ন্ত্রণ ও নৌপথে নজরদারি বাড়াতে হবে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, স্থানীয়দের দুর্ভোগ লাঘব করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, জাহাজের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

নলছিটিতে ইউপি সদস্যের ‘সন্তানসম’ দুই গরু বিষ প্রয়োগে মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিষ প্রয়োগে ইউপি সদস্য হাসান বিশ্বাসের দুটি গরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *