সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বরিশালে গণপূর্ত প্রকৌশলীর অফিসে বিএনপি নেতার সঙ্গে বাকবিতণ্ডা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ১৫ লাখ টাকার একটি কাজের কার্যাদেশ নিয়ে বাকবিতণ্ডার জেরে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কক্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের দপ্তরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মাহফুজ সরকারি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পেয়েছিলেন। তার অভিযোগ, নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ওই কাজটি অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছেড়ে দিতে তার ওপর চাপ প্রয়োগ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উচ্চবাচ্য ও হাতাহাতির উপক্রম হয়।

ঠিকাদার মাহফুজ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর নিয়ম মেনে টেন্ডারে কাজটি পেয়েছি। নির্বাহী প্রকৌশলী আমাকে গালিগালাজ করেছেন এবং কাজটি অন্যকে দেওয়ার জন্য অনৈতিক চাপ দিয়েছেন। এমনকি ছাত্রদলকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছেন।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্য ঠিকাদাররা অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের বিরুদ্ধে কার্যাদেশ দেওয়ার বিনিময়ে অর্থ দাবি ও ঠিকাদারদের হয়রানি করার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তার দুর্ব্যবহারের কারণে মাঝেমধ্যেই দপ্তরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানি না, আমি এখন ঢাকায় আছি। তবে আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *