রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি বরিশাল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যালয়ে যান। এ সময় তিনি প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে পরিচিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষক প্রশিক্ষণের বিষয়গুলো তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এ সময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

পল্লী চিকিৎসকের সন্তান থেকে এমবিবিএস ডাক্তার -শফিউল 

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মো. শফিউল। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *