শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

গৌরনদীতে মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল চালকের প্রাণ

সোলায়মান তুহিন, গৌরনদী : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল চালক নিহত ও একজন আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

এরমধ্যে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে দক্ষিণ বিজয়পুর শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহি পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও একজন আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

নিহত দুই সন্তানের জনক আরাফাত রহমান বাবু (৩২) আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। গুরুত্বর আহত আসাদুল ইসলাম (৩১) আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহি তাজবী পরিবহন দূর্ঘটনাস্থলের স্পীড ব্রেকার অতিক্রমকালে বিপরিতদিক থেকে আসা বেপরোয়াগতির মোটরসাইকেল স্ব-জোরে পরিবহনের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনেই ছিটকে পরে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃতবলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুত্বর অবস্থায় অপর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন মেহেদী হাসান তুরাগ (৩২)। তিনি (তুরাগ) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে ও বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।

তুরাগের সাথে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানিয়েছেন, রাতে তারা চার বন্ধু দুইটি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছলে তুরাগের চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা খাদে পরে যায়। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একইসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির একটি ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবারের দূর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। উভয়ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ববি প্রতিনিধি সন্ত্রাসী কায়দায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত ও যুগ্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *