শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

আযাদ আলাউদ্দীন।। ‘সবার চোখ, সঠিক যত্ন, সর্বত্র’ এই প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে নগরীর সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ০৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর বিভিন্ন কারণ, চোখের নানা রোগ, চোখের সঠিক যত্ন এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ সাইয়েদুর রহমান।
সিভিল সার্জন তাঁর বক্তৃতায় বলেন, মানুষের অসচেতনতা, বিভিন্ন ধরনের চোখের রোগ, দীর্ঘ সময় মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহারের কারণে মানুষ দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। তাই চোখে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

ডিজিটাল ডিভাইস ব্যবহার এবং পুষ্টিকর খাবারের কথা তুলে ধরে তিনি বলেন, নিয়মিত চোখ পরীক্ষা, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, শিশুদের চোখের সমস্যার বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। চোখের পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের পড়াশোনা, মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। দীর্ঘ সময় একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে নির্দিষ্ট বিরতিতে চোখকে বিশ্রাম দেওয়ারও পরামর্শ দেন তিনি।

তিনি সবার জন্য প্রয়োজনীয় ও মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দৃষ্টিশক্তি রক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক সচেতনতা গড়ে তোলাও জরুরি। চোখের যত্ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জানে আলমের সঞ্চালনায় মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক এবং ডা. মোঃ এজাজ হোসেন ও বরিশাল ব্র্যাকের এরিয়া ম্যানেজার গীতা বিশ্বাস বক্তৃতা করেন।
এসময় সরকারি-বেসরকারি চক্ষু হাসপাতাল ডাক্তার, নার্সসহ গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

আরিফুর রহমানের পিতার ইন্তেকাল, দৈনিক বাংলাদেশ বাণীর পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক : দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কম্পিউটার অপারেটর আরিফুর রহমানের পিতা মো. সেকান্দার আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *