শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

সমাজ পরিবর্তনে ইউনিট সভাপতিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : জহির উদ্দিন মুহাম্মদ বাবর

নিজস্ব প্রতিবেদকঃ সমাজ পরিবর্তন ও নৈতিক অবক্ষয় রোধে ইউনিট সভাপতিদের দায়িত্বশীল, দূরদর্শী ও আদর্শিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর ও কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

তিনি বলেন, “ইউনিট হলো জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোর সর্বশেষ স্তর, কিন্তু গুরুত্বের দিক থেকে এটি অন্যতম প্রধান স্তর। একটি ভবনের ভিত্তি যত মজবুত হয়, ভবন তত বেশি স্থায়ী ও শক্তিশালী হয়। তেমনিভাবে ইউনিট যত শক্তিশালী ও সুসংগঠিত হবে, সংগঠনও তত বেশি মজবুত হবে।”

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালি দক্ষিণ থানার উদ্যোগে নগরীর বাংলা বাজার হলরুমে আয়োজিত ইউনিট সভাপতি শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন কোতোয়ালি দক্ষিণ থানার আমীর তারিকুল ইসলাম।

মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ব্যক্তির নৈতিক ও চারিত্রিক উন্নয়ন। ইউনিট সভাপতিদের নিজেদের আমল-আখলাক, সততা, দায়িত্বশীলতা ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের সামনে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে। সমাজের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের কল্যাণে নিবেদিত থেকে দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাই তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিমণ্ডলে ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তরুণ প্রজন্মকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে হবে।

ইউনিট সভাপতিদের উদ্দেশে তিনি বলেন, অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দায়িত্বশীলদের অন্যতম কর্তব্য। একই সঙ্গে সমাজের অন্যায়, দুর্নীতি, অনৈতিকতা ও বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি কর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংগঠনিক কাজে পারস্পরিক সম্মান, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে একটি সুসংগঠিত ও কার্যকর ইউনিট গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ মানুষের কাছে সুন্দর আচরণ, উত্তম দাওয়াত ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরতে হবে।

থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ এর সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সমাজকল্যাণ সম্পাদক জনাব শামীম কবির, কোতোয়ালি দক্ষিণ থানার নায়েবে আমীর অ্যাডভোকেট সালাউদ্দীন মাসুম ও সহকারী সেক্রেটারি আবুবকর সিদ্দিক। এছাড়া থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও ইউনিট সভাপতিগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সাংবাদিক রফিক বিশ্বাসের প্রয়ান দিবসে  কলাপাড়া প্রেসক্লাবে স্মরন সভা 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক মরহুম  রফিক বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *