মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহজেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ। মাদকের প্রভাবে বিপথে ঝুঁকছে তরুণ ও যুবসমাজের একটি অংশ। মাদক সেবনের অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নীলগঞ্জ আবাসন, সুলতানগঞ্জ, নীলগঞ্জ ফেরিঘাট, মাস্টারবাড়ি, ফরিদগঞ্জ, বাইনতলা ও কুমিরমারা এলাকায় মাদকের বিস্তার নিয়ে বেশি উদ্বেগ রয়েছে। এ ছাড়া টুঙ্গিবাড়িয়া, ফতেহপুর, মজিদপুর, হাজীপুর ও মস্তফাপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকসংক্রান্ত তৎপরতার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে কিছু ব্যক্তি স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে ডাব, কলা, পেঁপেসহ বিভিন্ন ফলমূল ও গৃহস্থালির জিনিসপত্র চুরি করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
নীলগঞ্জের বাসিন্দা ও মোজাহার উদ্দীন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর বলেন, ‘মাদকমুক্ত এলাকা গড়তে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদক নির্মূল না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো দেশই পুরোপুরি মাদক নির্মূল করতে পারেনি। পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। মাদকের বড় কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।’
সাম্প্রতিক সময়েও কলাপাড়া উপজেলায় মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। গত ২০ জুন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘোটাবাছা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছিল বলে সে সময় পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনা ইউনিয়নটিতে মাদক সরবরাহ ও বিস্তার নিয়ে স্থানীয়দের উদ্বেগের বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।
সচেতন মহলের মতে, শুধু মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদকের উৎস, সরবরাহকারী ও কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নিয়মিত অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি।
ক্রীড়াবিদ ও সমাজ সংগঠক মো. আবু তালেব ইভান মাতব্বর বলেন, ‘নীলগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। শিশু-কিশোর ও বেকার যুবকদের খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তাদের মাদক থেকে দূরে রাখা সহজ হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মো. আবু তালেব বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সব সময় চলমান রয়েছে। পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়। বিট পুলিশিং সভায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় মাদকসংক্রান্ত তথ্য গোপনে থানায় দেওয়ার আহ্বান জানানো হয়। তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতেও মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। নীলগঞ্জের উল্লেখিত এলাকাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।’
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, নীলগঞ্জের মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি নিশ্চিত করে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরো পড়ুন

হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় কোটি টাকা ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার ছয়গাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *