শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

নলছিটিতে ইউপি সদস্যের ‘সন্তানসম’ দুই গরু বিষ প্রয়োগে মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিষ প্রয়োগে ইউপি সদস্য হাসান বিশ্বাসের দুটি গরু হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দপদপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কয়া এলাকার বিশ্বাসবাড়ি সংলগ্ন হাসান বিশ্বাসের মাছের ঘেরের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাতে গরুগুলো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে দুটি গরু মারা যায় এবং অপর একটি গরু গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। এ ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, গরুগুলোকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। একই ঘটনার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমেও বিষ প্রয়োগে গরু মৃত্যুর অভিযোগ প্রকাশিত হয়েছে।

ভুক্তভোগী ইউপি সদস্য হাসান বিশ্বাস বলেন, “এগুলো আমার কাছে শুধু গরু ছিল না, আমার সন্তানের মতো ছিল। অনেক যত্ন করে এগুলো পালন করেছি। হঠাৎ এভাবে দুটি গরু মারা যাওয়ার ঘটনা মেনে নেওয়া খুবই কষ্টের।”
হাসান বিশ্বাসের অভিযোগ, কয়া গ্রামের আদম আলী মল্লিকের ছেলে শহীদ মল্লিক এবং জয়নুদ্দিন হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার এ ঘটনার সঙ্গে জড়িত। তার দাবি, “বাবুল ও শহীদ ছাড়া আর কেউ এ কাজ করেনি। তাদের আমার ঘেরের কাছাকাছি কোনো কাজ নেই। কিন্তু ওদিন বিকেলে তাদেরকে অনেকেই আমার ঘেরের কাছাকাছি ঘুরঘুর করতে দেখেছে। ”
হাসান বিশ্বাস আরও অভিযোগ করেন, এর আগে শহীদ মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে একাধিকবার দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। স্থানীয় শাহজাহান নামের এক ব্যক্তির গরু চুরির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেন তিনি।

গরুগুলোর দেখাশোনার দায়িত্বে থাকা সাকিব বলেন, “আমি সুস্থ গরু রেখে মাছের খাবার দিতে যাই। প্রায় দুই ঘণ্টা পর ফিরে এসে দেখি দুটি গরু মাটিতে পড়ে কাতরাচ্ছে। পরে গরুর মালিককে ফোন করে বিষয়টি জানাই। মাছের খাবার দিতে যাওয়ার আগে আমি শহীদ ও বাবুলকে ঘেরের পাশে দেখেছি।”
ঘটনার খবর পেয়ে নলছিটি প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে গরুগুলো পরীক্ষা করেন। ডা. মনোয়ার জানান, প্রাথমিকভাবে গরুগুলোর মৃত্যুর কারণ বিষক্রিয়া বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, “যে বা যারা এই বোবা প্রাণীগুলোকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ধরনের ঘটনা চলতে থাকলে মানুষ গরু পালন কিংবা মাছ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।”

ঘটনার পর এলাকায় গরু পালনকারী ও খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, নিরীহ প্রাণী হত্যার অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং কেউ দায়ী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষ প্রয়োগে গরু হত্যার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে শহীদ মল্লিক ও বাবুল হাওলাদারের বক্তব্য নেয়ার জন্য তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তারা দেখা করতে রাজি হয়নি।

আরো পড়ুন

শ্রেষ্ঠ গুণী শিক্ষক মুহাম্মদ আবুল বাশার

নিজস্ব প্রতিবেদক।। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বরিশাল বিভাগের ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *