শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্রেষ্ঠ গুণী শিক্ষক মুহাম্মদ আবুল বাশার

নিজস্ব প্রতিবেদক।।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বরিশাল বিভাগের ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বড় পুইয়াউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ আবুল বাশার। বিভাগীয় পর্যায়ের এই অভাবনীয় সাফল্যের পর তিনি জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করেছেন।

​প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬ অনুসরণে গত ২৪ সেপ্টেম্বর সকালে অধিদপ্তরের মহাপরিচালকের সভাকক্ষে জাতীয় পর্যায়ের সার্চ কমিটির চূড়ান্ত ইন্টারভিউ ও মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক (ডিজি) স্যারের সভাপতিত্বে আয়োজিত এই ভাইভা বোর্ডে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করেন শিক্ষক মুহাম্মদ আবুল বাশার।

এর আগে বরিশাল বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে জারি করা নোটিশে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

সেখানে বাকেরগঞ্জের মুহাম্মদ আবুল বাশারের পাশাপাশি ঝালকাঠি ও ভোলা জেলার আরও দুই শিক্ষক স্থান পান। সরকারি নথির নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই গুণী শিক্ষকরা জাতীয় পর্যায়ের বাছাই কার্যক্রমে স্বশরীরে অংশ নেন।

​উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক স্তরে শিক্ষকদের অতুলনীয় অবদান ও পেশাগত উৎকর্ষকে মূল্যায়নের লক্ষ্যেই এই জাতীয় গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​জাতীয় পর্যায়ের মূল্যায়ন পর্ব শেষ করে শিক্ষক মুহাম্মদ আবুল বাশার বলেন, “বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের শ্রদ্ধেয় মহা-পরিচালক স্যার ও সার্চ কমিটির গুণী ব্যক্তিত্বদের সামনে নিজের কাজ উপস্থাপন করতে পারা পরম সৌভাগ্যের। বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে সফল হতে পেরে আমি আনন্দিত। বাকেরগঞ্জ তথা পুরো বরিশাল বিভাগের সম্মান যেন ধরে রাখতে পারি, সেজন্য সবার দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছি।”

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাঁর এই অর্জনে বাকেরগঞ্জের স্থানীয় শিক্ষাঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ের শিক্ষকের এমন জাতীয় পর্যায়ের অর্জনে শিক্ষক সমাজ গর্ব প্রকাশ করেছে।

আরো পড়ুন

কলাপাড়ায় সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণসভা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণসভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *