শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক হত্যা, প্রধান অভিযুক্ত ঢাকায় গ্রেপ্তার

‎জাকির ফরাজী: ‎বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়া ও জাটকা ইলিশ নিধন থেকে বিরত থাকার কারণে পূর্ববিরোধের জেরে কৃষক শুক্কুর আলীকে (৪২) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে ঢাকার বাবুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎এজাহারে যা বলা হয়েছে
‎
‎প্রাথমিকভাবে প্রাপ্ত এজাহারের তথ্য অনুযায়ী, নিহত শুক্কুর আলী বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ধলেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় কৃষক শুক্কুর আলীর সঙ্গে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অভিযুক্তদের পূর্ববিরোধ ছিল।
‎
‎এজাহারের অভিযোগ অনুযায়ী, সরকার ঘোষিত চলমান মৎস্য অভিযান চলাকালে জাটকা ইলিশ নিধন থেকে বিরত থাকা এবং কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলতে নিষেধ করায় অভিযুক্তরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।
‎
‎এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে কৃষ্ণপুর এলাকার একটি দোকানে চা পান শেষে বাড়ি ফিরছিলেন শুক্কুর আলী। পথে মিরাজের চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা এজাহারনামীয় আসামিরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
‎
‎এ সময় তাঁকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে মুলাদী থানাধীন কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে ১৫ অক্টোবর ভোরে তাঁর মৃত্যু হয়।
‎
‎এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
‎
‎যেভাবে গ্রেপ্তার
‎
‎এসআরবি-৮-এর সদর কোম্পানি, বরিশাল এবং এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করে।
‎
‎গ্রেপ্তার রহমত উল্লাহর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো পড়ুন

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ঢিলেঢালা মা ইলিশ রক্ষা অভিযান, পাঁচ দিন পুলিশ না পাওয়ার আশঙ্কায় জেলেরা বেপরোয়া হওয়ার আশঙ্কা

​বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন স্পটে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *