রবিবার, জুন ২৮, ২০২৬

চরফ্যাশনে প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদ করায় সহকারী শিক্ষকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক।।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে সহকারী শিক্ষক আক্তার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় আক্তার হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন প্রধান শিক্ষক। সর্বশেষ শনিবার (২৭ জুন) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। আহত শিক্ষক আক্তার হোসেনের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের নির্দেশে তার ভাগিনা, ভাতিজাসহ ৬ থেকে ৭ জন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে। এতে তার দুই হাতের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্তার হোসেন আরও জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে পা ভেঙে ফেলা ও পিটিয়ে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তিনি এ ধরনের হুমকির মুখে ছিলেন বলে দাবি করেন। এ ঘটনায় বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি, বোরহানউদ্দিন শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “একজন শিক্ষকের ওপর এমন ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

আহত শিক্ষক জানান, জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় মামলা করবেন। একই সঙ্গে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দাখিল করবেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “প্রথমে ভুক্তভোগী শিক্ষককে থানায় আইনগত সহায়তা নিতে হবে। এরপর আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, এর আগেও ২০২৪ সালের ১৮ নভেম্বর প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে দিয়েছিলেন আক্তার হোসেন।

অভিযোগের পর থেকেই প্রধান শিক্ষক তার ওপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় হামলা ও মামলার ভয় দেখানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে দাবি করেছেন তিনি।

সর্বশেষ সেই বিরোধের জের ধরেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন আহত শিক্ষক।

বিভিন্ন সূত্র জানায়, অভিযুক্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ তার আপন ভাই মো. রফিকুল ইসলামকে নিজ স্কুল দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে রেখেছে। তিনি মূলত ৮নং চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অথচ সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল ডেপুটেশন বাতিল করেছেন। তারপরেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যোগসাজসে তারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। আহত শিক্ষক আক্তার হোসেন জানান, আমি আহতাবস্থায় হাসপাতাল থেকে টিইও স্যারকে আমার উপর হামলার বিষয়টি অবহিত করেছি, কিন্তু তিনি এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।

আরো পড়ুন

চুরি মামলায় জামিনে এসে বাদীর ওপর নৃশংস হামলা, শাশুড়ি ও ফুফুসহ আহত- ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশালে মোটরসাইকেল চুরির মামলায় জামিনে বের হয়ে বাদী আমিনুল মৃধার ওপর অতর্কিত ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *