নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : রসালো ফল তরমুজ উৎপাদনে দেশজোড়া খ্যাতি দ্বীপের রাণী ভোলার চরফ্যাশনের। এখানকার মাটি তরমুজ উৎপাদনের উপযোগী হওয়ায় মৌসুমে দেশের প্রতিটি জেলা উপজেলার চেয়ে সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয়। মৌসুমী তরমুজ উৎপাদনের মত আগাম তরমুজ চাষেও ঝুঁকে পড়েছেন স্থানীয় চাষীরা। মালচিং পদ্ধতিতে খরস্রোতা তেতুলিয়া নদীর তীরের বালুমাটিতে তরমুজ চাষ করে এখানকার কৃষিতে নতুন মাত্রা যোগ করেছেন তারা। আগাম চাষেও রেকর্ড পরিমাণ তরমুজ উৎপাদন হয়েছে চরফ্যাশনে ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর আগাম জাতের তরমুজ চাষ হয়েছে শত একর জমিতে। যা গত বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশী। গত বছর চাষের জমির পরিমাণ ছিল মাত্র ১৫ একর। বৃষ্টির ঝুঁকির মধ্যেও মালচিং পদ্ধতি অনুসরণে উন্নত জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। উৎপাদিত তরমুজের নানা জাতের মধ্যে অন্যতম হলো সুপার কিং, থাই কিং, থাই সুপার, নিউ সুপার, গ্রেড ওয়ান ও আর্লি ওয়ানসহ বিভিন্ন জাত। কৃষি বিভাগের সহায়তা ও পরামর্শে গত বছর মাত্র ১৫ একর আগাম তরমুজ চাষ হলেও এবার তা বেড়ে দাড়িয়েছে ১০০ একরে। কৃষকরা একর প্রতি প্রায় ৫ লাখ টাকার তরমুজ বিক্রি করছেন। উৎপাদন খরচ বাদে তারা একর প্রতি ২ থেকে ৩ লাখ টাকা লাভবান হচ্ছেন।
তরমুজ চাষী কৃষক বেলাল কাজী ও জাফর কাজী জানায়, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চরের জমিতে আগাম তরমুজ চাষসহ অন্যান্য উচ্চ মূল্যের ফসল চাষের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি চর প্রকল্পের প্রদর্শনীর আওতায় জৈবিকভাবে আগাম তরমুজ চাষের জন্য উন্নতমানের বীজ, সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হচ্ছে। এসব সুবিধা গ্রহণ করে তারা আগাম জাতের তরমুজ চাষে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। উৎপাদন খরচ বাদে একর প্রতি আমাদের ২ থেকে ৩ লাখ টাকা লাভ হচ্ছে।
তেঁতুলিয়া নদীর চরজুড়ে এখন তরমুজের সবুজ লতাপাতায় কৃষকের স্বপ্নের নোঙ্গর করা। শতাধিক চাষীর তরমুজের জমির বেডগুলো মালচিং পেপার দিয়ে ঢাকা। পাতার আড়ালে বড় হচ্ছে বিভিন্ন জাতের তরমুজ। ভালো ফলন হওয়ায় ক্ষেত থেকেই পাইকারদের কাছে তরমুজ বিক্রি করছেন কৃষকেরা। এসব তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।
স্থানীয় কৃষক জাকির হোসেন বলেন, এ পদ্ধতিতে সেচের পানি, শ্রমিক ও কীটনাশকের খরচ কম লাগে। জমিতে লবণাক্ততা থাকলেও ফসল নিয়ে আগের মতো দুশ্চিন্তা করতে হয় না। আগে তরমুজ চাষ করে তেমন লাভ হতো না। মৌসুমে সব তরমুজ একসাথে আসায় লোকসানের ঝুঁকির মধ্যে থাকতে হত। এবার মালচিং পদ্ধতিতে চাষ করে খরচ কমেছে, ফলনও ভালো হয়েছে। এবার তিনি লাভের আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ নাজমুল হুদা বলেন,
চরফ্যাশন উপজেলা তরমুজ চাষের জন্য বিখ্যাত। প্রতিবছর এখানে ১০ থেকে ১২ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়ে থাকে। গত মৌসুমে চরফ্যাশনে ১২৮৭৫ হেক্টর জমিতে মৌসুমী তরমুজ চাষ হয়েছে।
তবে মুজিবনগর ইউনিয়নের তেতুলিয়ার চরের বালু মাটিতে আগাম তরমুজ চাষ চরফ্যাশনের কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে। সিজনের সময় একসাথে অনেক তরমুজ বাজারে আসলে ন্যায্য মূল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই ভালো দাম না পেয়ে কৃষকরা ক্ষতির সম্মূখীন হন। একারণে মুজিবনগরের কৃষকরা আগাম তরমুজ চাষে ঝুকছেন।
ক্যাপশন: উপজেলার মুজিবনগর ইউনিয়নের বালুমাটিতে মালচিং পদ্ধতিতে চাষ করা তরমুজ খেতে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ নাজমুল হুদাসহ কৃষক।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।