নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার তিনটি উপজেলায় নদীভাঙন, জলাবদ্ধতা ও বর্জ্য অব্যবস্থাপনার মতো জলবায়ু ও পরিবেশগত সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। ১৫ নভেম্বর রোববার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিশার সঙ্গে এক মতবিনিময় সভায় এই দাবি তোলা হয়। সভা শেষে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের আওতায় বরিশাল জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম এই সভার আয়োজন করে।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর বাস্তবায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ফোরামের পক্ষ থেকে জেলার তিনটি উপজেলার সুনির্দিষ্ট পরিবেশগত সংকট তুলে ধরা হয়:
সন্ধ্যা নদীর ভাঙনে বিপর্যস্ত বানারীপাড়া: সভায় জানানো হয়, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে বানারীপাড়া উপজেলার নদীতীরবর্তী মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত টেকসই ও কারিগরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বরিশাল সদর উপজেলার গীলাতলী ও হিরন নগরসহ বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে পর্যাপ্ত পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে। এসব এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, সংস্কার ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ওপর জোর দেওয়া হয়।
বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ বাড়ছে। এই সংকট কাটাতে পরিকল্পিত বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও অপসারণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, চিহ্নিত সমস্যাগুলো সমাধানে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে এসব এলাকায় উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান,
গেটকা প্রকল্পের লক্ষ্য অনুযায়ী জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।