রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

সিডরের ১৯ বছরেও নিরাপদ আশ্রয় নেই কলাপাড়ায়, বেড়িবাঁধের বাইরে ঝুঁকিতে ৭ হাজার পরিবার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: একটি রাত, একটি ভয়াল ঘূর্ণিঝড়। মুহূর্তেই বদলে গিয়েছিল উপকূলের হাজারো মানুষের জীবন। স্বজন হারানোর বেদনা, বসতভিটা হারানোর কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যৎ—সুপার সাইক্লোন সিডরের ১৯ বছর পরও এসব ক্ষত বয়ে বেড়াচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ার উপকূলবাসী।
২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে সরকারি হিসাবে কলাপাড়ায় প্রাণ হারান ৯৪ জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা ১০৪। নিখোঁজ রয়েছেন সাত জেলে ও এক শিশু। দীর্ঘ ১৯ বছরেও তাঁদের সন্ধান মেলেনি। ফলে স্বজন হারানো পরিবারগুলোর কাছে সিডরের স্মৃতি এখনো এক গভীর বেদনার নাম।
সিডরের তাণ্ডবে উপজেলার বিস্তীর্ণ জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। সরকারি হিসাব অনুযায়ী, কলাপাড়ায় ১২ হাজার ৯০০ পরিবারের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ১৪ হাজার ৯২৫ পরিবারের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হন ৩ হাজার ২২৫ জেলে পরিবারের সদস্য। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার প্রায় ৯০ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে এ দুর্যোগের শিকার হয়েছিল।
সিডর-পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি উদ্যোগে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া হলেও অনেক পরিবারের দীর্ঘমেয়াদি সংকট কাটেনি। ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৪৭৩ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। ৫৪০ পরিবারের জন্য নির্মাণ করা হয় ব্যারাক হাউস। তবে নির্মাণের কয়েক বছর পরই এসব ব্যারাকের অনেকগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও চাল নেই, কোথাও বেড়া ও খুঁটি নষ্ট বা চুরি হয়ে গেছে। স্থানীয়ভাবে জানা গেছে, ব্যারাকের অন্তত অর্ধেক কক্ষে এখন আর কেউ বসবাস করেন না।
সম্পূর্ণ বিধ্বস্ত বসতঘরের ১২ হাজার ৫১৬ পরিবারকে পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এ ছাড়া আরও ৬ হাজার ৭০০ পরিবারকে বিভিন্ন হারে তিন হাজার, আড়াই হাজার, দুই হাজার ও এক হাজার টাকা করে গৃহনির্মাণ সহায়তা দেওয়া হয়। অন্তত সাত হাজার পরিবারকে দেওয়া হয়েছিল ঘর নির্মাণের উপকরণ। তবে এসব সহায়তার পরও অনেক পরিবার এখনো নিরাপদ ও টেকসই আবাসনের নিশ্চয়তা পায়নি।
পরিবেশ সংগঠক নজরুল ইসলামের দাবি, ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হওয়া অন্তত পাঁচ হাজার পরিবার এখনো মানবেতর জীবন যাপন করছে। অর্থের অভাবে অনেকেই বসতঘর মেরামত করতে পারেননি। কেউ অন্যের জমিতে, কেউ জরাজীর্ণ ঘরে, আবার কেউ বেড়িবাঁধের বাইরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি বেড়িবাঁধের বাইরের জনপদে। বর্ষা মৌসুমে এবং পূর্ণিমা-অমাবস্যার জোয়ারে এসব এলাকার বাড়িঘর ও উঠোন পানিতে তলিয়ে যায়। পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা হালিমা আয়শা বলেন, ‘আমরা বেড়িবাঁধের বাইরে থাকি। এখানে অন্তত ২৫০টি পরিবার বর্ষার ছয় মাস জোয়ারে ভাসি, ভাটায় শুকাই। রান্নাবান্নাও করা যায় না। বছরের পর বছর রিং বেড়িবাঁধের জন্য আন্দোলন করেছি। কিন্তু কোনো সুফল পাইনি।’
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী, কলাপাড়ায় এখনো অন্তত সাত হাজার পরিবার বেড়িবাঁধের বাইরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও অস্বাভাবিক জোয়ারে এসব পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ তালুকদার বলেন, বেড়িবাঁধের বাইরে বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এসব পরিবারের জন্য রিং বেড়িবাঁধ নির্মাণ জরুরি।
শুধু বেড়িবাঁধের বাইরের পরিবার নয়, সিডর-পরবর্তী সময়ে আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসিত দরিদ্র পরিবারগুলোর অবস্থাও নাজুক। একসময় মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাওয়া ঘরগুলোর অনেকগুলো এখন জরাজীর্ণ। ছাদের চাল, বেড়া ও কাঠামো নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে আশ্রয়হীন হওয়ার শঙ্কায় রয়েছেন বাসিন্দারা।
১৯ বছর আগে সিডর কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ, ধ্বংস করেছিল হাজারো পরিবারের ঘরবাড়ি ও জীবিকা। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলালেও কলাপাড়ার উপকূলীয় জনপদের মানুষের নিরাপদ বসবাসের সংকট কাটেনি। তাই সিডরের বার্ষিকীতে স্বজন হারানোর শোকের পাশাপাশি নতুন করে সামনে এসেছে টেকসই বেড়িবাঁধ, ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোর পুনর্বাসন এবং নিরাপদ আবাসনের দাবি।

আরো পড়ুন

মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত

নুর উল্লাহ আরিফ,  চরফ্যাশন : রসালো ফল তরমুজ উৎপাদনে দেশজোড়া খ্যাতি  দ্বীপের রাণী ভোলার চরফ্যাশনের। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *