ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ছাঁইচাপা আগুনের তাপ আর নিঃস্বতার দীর্ঘশ্বাস যখন পিরোজপুরের নেছারাবাদের বটতলা-রুদ্রপুর বাজারের আকাশ ভারী করে তুলেছিল, ঠিক তখনই মানবতার উষ্ণ পরশ হয়ে পাশে এসে দাঁড়াল রাষ্ট্র। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। এতে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা পেল নতুন করে বেঁচে থাকার স্বপ্ন ও ঘুরে দাঁড়ানোর অবলম্বন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এক আবেগঘন ও মানবিক পরিবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ।
সরকারি সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে মোট ৪৪ বান ঢেউটিন, ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৬৩০ কেজি চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই বান টিন, ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়। পাশাপাশি শীত বস্ত্র সহায়তা প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত একটি মন্দিরের জন্যও দুই বান টিন ও ৬ হাজার টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত রবিবার গভীর রাতের আকস্মিক এক ভয়াল অগ্নিকাণ্ডে নিমিষেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫টি বসতঘর। সাজানো সংসার আর তিল তিল করে গড়া স্বপ্নের ব্যবসাগুলো চোখের পলকে রূপ নেয় অঙ্গার ও কুন্ডলীতে। খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া এসব মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছিল স্থানীয় বাতাস। তবে এই দুর্যোগের দিনে ক্ষতিগ্রস্তদের চোখের জল মুছতে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয় সরকার।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি এ সহায়তা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।