নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও মেধার স্বাক্ষর রেখেছে আগৈলঝাড়ার তিথি বিশ্বাস। পরিবারের আর্থিক অসচ্ছলতা তাঁর উচ্চশিক্ষার পথে অনিশ্চয়তা তৈরি করলেও পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। তিথির পড়াশোনা অব্যাহত রাখতে উচ্চশিক্ষা সহায়তা হিসেবে তাঁকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিথি বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা।
তিনি আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ অর্জন করেন। তাঁর বাবা সুখরঞ্জন বিশ্বাস পেশায় একজন ভ্যানচালক। সীমিত আয়ে সংসারের ব্যয় নির্বাহের পাশাপাশি চার মেয়ের লেখাপড়ার খরচ বহন করা তাঁর পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। ফলে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করলেও উচ্চশিক্ষায় ভর্তি, বইপত্র কেনা ও যাতায়াতের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবারটি।
তিথির মেধা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সহযোগিতা তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন এগিয়ে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন জানিয়েছে, জনসাধারণের কাছ থেকে পাওয়া অসহায় ও অসচ্ছল মানুষের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশেষ করে আর্থিক সংকটের কারণে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিক। একজন ভ্যানচালকের মেয়ের জিপিএ-৫ অর্জন এবং তাঁর উচ্চশিক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। মেধা যেন দারিদ্র্যের কাছে হার না মানে—এমন প্রত্যাশা নিয়েই তিথির মতো অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ অব্যাহত রাখছে বরিশাল জেলা প্রশাসন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।