নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপজেলার মালিখালী ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নাজিরপুর উপজেলা পরিদর্শনকালে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
গত ১৫ নভেম্বর মালিখালী ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের হামলা, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় সৃষ্ট আতঙ্কের মধ্যে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সভায় হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, মালিখালী ইউনিয়নের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলা হয়ে যাতে কোনো দুষ্কৃতকারী মালিখালী ইউনিয়নে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য টুঙ্গিপাড়া প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলা ও অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে যথাযথ ক্ষতিপূরণ পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এ সময় নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম আবু সাঈদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিবেশী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মিছিল নিয়ে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব হামলা ও তাণ্ডব চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। সেখান থেকে প্রায় সাড়ে তিনশ মানুষের একটি দল বিভিন্ন যানবাহনে করে উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে। অভিযোগ অনুযায়ী, প্রথমে হামলাকারীরা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় টিনের বেড়া ও কার্যালয়ের বিভিন্ন অংশ কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নাজিরপুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন, সীমান্তবর্তী সড়কে নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার মাধ্যমে এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।