রবিবার, মার্চ ১৫, ২০২৬

ভোলার মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি

এম এম রহমান, ভোলা ‍॥
ভোলার মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. দুলাল মাঝি নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।
পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় দুলাল মাঝি মেঘনা নদী থেকে মাছ শিকার করে ঘাটে ফিরছিলেন। এ সময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে নৌকাটি ডুবে যায় এবং অন্য জেলেরা তা তীরে টেনে আনতে সক্ষম হন। কিন্তু ধাক্কা খাওয়ার পর দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।
খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে নদীতে তীব্র স্রোত এবং রাত হয়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. শাহিন উদ্দিন জানান, বুধবার সকালে বরিশাল থেকে একটি ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
এদিকে, দুলাল মাঝি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনরা মেঘনার তীরে এসে আহাজারি করছেন।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *