রবিবার, মার্চ ১৫, ২০২৬

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

থানা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে হত্যাচেষ্টা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ একাধিক রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আত্মগোপনে চলে যান মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন জসিম উদ্দিন। তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বেশ পরিচিত। হিরনের মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।

এছাড়া সর্বশেষ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন জসিম উদ্দিন।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *