মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

৫০৭টি উপজেলাকে টপকে নিবন্ধনে দেশসেরা দুমকি

নিজস্ব প্রতিবেদক।।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনকে টপকে শীর্ষস্থান অর্জন করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। ফলে টানা দুই মাস (মে ও জুন) এক নম্বরে থাকা দুমকির ইউএনও আবুজর মো. ইজাজুল হকের সাফল্যের সারিতে যোগ হলো বর্ষসেরার মুকুটও।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দুমকি উপজেলার অর্জন ১১৮.৫৬ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুরের বিরল উপজেলা, যার সমন্বিত অর্জন ১১৬.৫২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা, অর্জন ১১৫.১১ শতাংশ।

দুমকি ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘এটা শুধু আমার একার নয়; দুমকিবাসীর সাফল্য। জেলা প্রশাসক মহোদয় ও ডিডিএলজি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। তার নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। গ্রাম-পুলিশ, ইউপি চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।’

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘এটা অবশ্যই কৃতিত্বপূর্ণ। আমি দুমকি উপজেলার নির্বাহী অফিসারসহ জনপ্রতিনিধি, গ্রাম-পুলিশ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই, তাদের সমন্বিত প্রয়াসের ফলেই এটি সম্ভব হয়েছে। দুমকিবাসীকেও আমার অভিনন্দন।’

বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, ‘ইউএনও, দুমকিকে ধন্যবাদ জানাই। তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে মিটিং করেন নিয়মিত। তাদের জবাবদিহির আওতায় এনেছেন। চেয়ারম্যান, সচিব দিয়ে মনিটরিং কার্যক্রম নিশ্চিত করেছেন। সেজন্যই এই সফলতা। এটাকে মডেল হিসেবে ধরা গেলে অন্যরাও সফল হবেন।’

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *