রবিবার, আগস্ট ২, ২০২৬

চরফ্যাশনে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ও ভোরে চালানো অভিযানে আসলামপুর ও দক্ষিণ আইচা এলাকা থেকে তাদের আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্র জানায়, ভোর রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আইচা গ্রামে অভিযান চালিয়ে মৃত মুছা মাঝির ছেলে মো. বাবুল (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

অন্যদিকে একই রাতে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আরেকটি অভিযান চালিয়ে মো. ইকরাম (৩৪)-কে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, “উপজেলায় মাদক নির্মূলে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

আরো পড়ুন

গ্রামেই মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, দক্ষিণ জয়নগরে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা

মাকছুদুর রহমান পাটোয়ারি, দৌলতখান : গ্রামাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এখনও অনেক মানুষের নাগালের বাইরে। অর্থনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *