মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

দাঁড়িপাল্লার কর্মীদের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেয়ামুল করিমের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিম তার নির্বাচনী কর্মী ও সমর্থকদের ওপর একের পর এক হামলা, ভয়ভীতি প্রদর্শন ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন। তিনি এসব ঘটনাকে পরিকল্পিত অপতৎপরতা আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শেখ নেয়ামুল করিম বলেন, জনগণের ভোটে যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচিত হন, তবে তিনি তাকে সম্মানের জায়গায় রেখে সহযোগিতা করবেন। একইভাবে জনগণের ভোটে তিনি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠন, গুণীজন, বিজ্ঞজন ও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন, সন্ত্রাসমুক্ত ঝালকাঠি-নলছিটি, ব্যবসাবান্ধব পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে চান।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় তরুণ ভোটার, নারী ভোটার, প্রবীণ নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। এতে প্রতিপক্ষ ভীতসন্ত্রস্ত হয়ে স্বাভাবিক জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করতে সহিংসতা ও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ নেয়ামুল করিম অভিযোগ করে বলেন, রানাপাশায় নারী কর্মীদের কাজে বাধা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। কুলকাঠিতে ৭০ বছর বয়সী এক কর্মীকে রক্তাক্ত জখম করা হয়। মোল্লারহাটের গাবখান ব্রিজ টোল প্লাজায় ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারির ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনার পর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সমঝোতা হলেও সম্প্রতি আবারও সহিংসতা শুরু হয়েছে বলে জানান।

তিনি আরও বলেন, চার দিন আগে বাসন্ডা এলাকায় এক পঙ্গু কর্মীর দোকানের অংশে স্থাপিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। একই ঘটনায় পাশের এক হিন্দু কর্মীর দোকানও পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া কীর্তিপাশা এলাকার বিষাইখান বাজারে এক সংখ্যালঘু কর্মীর মুদি দোকানসহ তিনটি দোকান পুড়িয়ে দেওয়া হয় এবং মালামাল ও গবাদিপশুর ক্ষতি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

শেখ নেয়ামুল করিম জানান, এসব ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে তরুণ সমাজের জাগরণ থামানো যাবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

 

আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের বাস ভাড়ায় ৬০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিজ নিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *