মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

মেহেন্দিগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলায় আহত ৭, বিএনপির অস্বীকার

নিজস্ব প্রতিবেদক : প্রচারণার শেষ দিনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের পূর্ব আন্দারমানিক কলকুঠি মাদরাসার সামনে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৭ কর্মী আহত হয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে তাদের ১২টি মোটরসাইকেল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত বরিশাল-৪ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট সৈয়দ গুলজার আলম।

তিনি জানান, নির্বাচনী প্রচারণার শেষ দিন সন্ধ্যায় আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে “দাঁড়িপাল্লা”র নেতাকর্মীরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলকুঠি মাদরাসা এলাকায় প্রচারণা করছিল। তখন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদেরকে প্রচারণায় বাঁধা দেয়। এ নিয়ে জামায়াত নেতাকর্মীরা প্রতিবাদ করলে ঘটনাস্থলের পাশে বিএনপি অফিসের মধ্যে থেকে লাঠিসোট এনে তাদের ওপর বেধরক হামলা চালায় বিএনপি কর্মীরা।

তিনি অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির কর্মী মোফাজ্জেল দেওয়ান, মোহাম্মদ আলী, আয়নাল মাঝি, আনোয়ার হাওলাদারসহ ২৫-৩০ জন। বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের সাথে থাকা ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে খালে ফেলে দেয় এবং একটি মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়।

এসময় লাঠির আঘাতে একজনের পা ভেঙে যায়। বাকি কয়েখজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি পাঁচজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এর আগেও গত ২ ফেব্রুয়ারি ওই ঘটনার হামলাকারী মোহাম্মদ আলীসহ ধানের শীষের কর্মী বেলাল দাই, নাসির মৃধা, দুলাল খান, জুলহাস সিকদার, মফিজ হাওলাদার, শহিদ বিশ্বাস, মুনছুর মিয়া, মনির দেওয়ান, আল আমিন খান নূরুল ইসলাম, মোজাম হাওলাদার, আলাউদ্দিন আলী রানা, নাসির উজ্জ্বলসহ তাদের ১৫-২০ জন সন্ত্রাসীরা আমাদের মহিলা কর্মীদের ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনায় তখন কাজিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় পুনরায় এই হামলার ঘটনা ঘটলো।

গুলজার আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন কাজ নিশ্চিতভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আন্দারমানিক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মৃদুল তালুকদার জানান, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কলকুঠি কেন্দ্র সংলগ্নে ধানের শীষ প্রতীকের নির্বাচনি কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বসা ছিলেন। তখন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে “দাঁড়িপাল্লা”র প্রার্থীর পক্ষে সেøাগান শুরু করে।

তিনি বলেন, ‘কার্যালয়ে থাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার তাদের নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় হামলা করে নাসির হাওলাদারের মাথায় রক্তাক্ত জখম করে। বাধা দিতে গেলে বিএনপির অন্যান্য নেতাকর্মীদেরও পিটিয়ে আহত করে। তখন জামায়াত-শিবির কর্মীরা বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর করে। জামায়াত নেতাকর্মীরা গায়ে পড়ে বিরোধ সৃষ্টি করেছে। এখন তারাই আবার সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করছে।

আরো পড়ুন

বানারীপাড়ায় সেনাবাহিনীর তল্লাশিতে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়ন শ্রমিক দল নেতা ফিরোজ সরদারের ঘর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *