মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাথরঘাটায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

মইনুল আবেদিন খান, বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে জামায়াতের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজন কর্মীর দিকে আঙুল তুলেছেন স্থানীয় জামায়াত নেতারা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়ারগুদি ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত মাওলানা মাহফুজুর রহমান (৫০) কাঠালতলী ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি হাবিবুর মাঝীর ছেলে এবং কাঠালতলী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত মাহফুজুর রহমানের ভাষ্য অনুযায়ী, দুপুরে মাদ্রাসা থেকে রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বয়ারগুদি ব্রিজের কাছে পৌঁছালে একদল ব্যক্তি তাদের গতিরোধ করে হামলা চালায়। তার অভিযোগ, টিপু, হাসান, মাহমুদ ও ইমামসহ ৬ থেকে ৭ জন লাঠি ও লোহার পাইপ দিয়ে আক্রমণ করে।

হামলায় গুরুতর আহত হন মাহফুজুর রহমান। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে জামায়াত নেতাদের দাবি, আগের রাতে নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়ার কারণে সোলায়মান সাদিক ও ফিরোজ নামে কয়েকজন মাহফুজুর রহমানের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল।

পাথরঘাটা উপজেলা জামায়েতের সাধারণ সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, হামলাকারীরা বিএনপি কর্মী বলে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক জনান, ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এই মুহূর্তে তারা নিজেরাই নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। স্পষ্টভাবে বলতে চাই, তাদের ওপর বিএনপির কেউ কোনো হামলা চালায়নি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, আহত ব্যক্তিকে পাথরঘাটা থানায় আনা হয়েছিল, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন, সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বানারীপাড়ায় সেনাবাহিনীর তল্লাশিতে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়ন শ্রমিক দল নেতা ফিরোজ সরদারের ঘর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *