এনামুল হক শিকদার, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের ১০০তম দিনে নতুন সংগঠন “ওসমান হাদি স্মৃতি মঞ্চ”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকাল ৪টায় নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শহীদের বোন মাসুমা হাদির হাত ধরে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রকৃত সংস্কৃতি সংরক্ষণ, ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিকে সামনে রেখে এই সংগঠন গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুমা হাদি, আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, সাংবাদিক ইসমাইল মুসাফির, উপজেলা এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারী, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা শহীদ ওসমান হাদির আদর্শ ও সংগ্রামকে ধরে রাখার আহ্বান জানান এবং তার হত্যার দ্রুত বিচার দাবি করেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুমা হাদি। তিনি বলেন, “ওসমান হাদির শাহাদাতের পর তার কণ্ঠস্বর যেন থেমে না যায়, সে লক্ষ্যেই এই সংগঠন গঠন করা হয়েছে।
আমরা চাই তার আদর্শ ও আজাদির চেতনা সারা দেশে ছড়িয়ে পড়ুক।” তিনি আরও অভিযোগ করেন, হত্যার ১০০ দিন পার হলেও বিচার প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ করা যাচ্ছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ইসলামি সংগীত, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।