বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে বরিশাল সদরের শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরুল আলম ফরিদ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, উত্তাল মার্চ হলো স্বাধীনতার মাস। এই মাসের ২৫ তারিখ ঘুমন্ত বাঙ্গালির উপর পাকিস্তানের হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং ইতিহাসের নির্মম গণহত্যায় অংশ নেয়। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বীর বাঙ্গালি এবং দীর্ঘ ৯ মাসের সংগ্রামের মধ্যদিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

তিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৪৭ থেকে ৭১ পর্যন্ত এদেশের মানুষ বিভিন্ন আন্দোলনে অংশ নেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যে স্বাধীনতার বীজ বপন করা হয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ভাষা শহিদদের আত্মত্যাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানার আহ্বান জানান।

শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তোমরা আগামীতে দেশ পরিচালনায় অংশ নিবে এবং দেশের পতাকা বহন করবে। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমাদের জানতে হবে এবং কোনোভাবেই এই ইতিহাস বিকৃত করা যাবে না। এসময় তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধকালীন বরিশালের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা প্রথম দিকে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে মরিচ ও হলুদের গুড়া এবং সুপারি গাছের চ্যারা দিয়ে যুদ্ধ শুরু করে। পরবর্তীতে আধুনিক অস্ত্রে নিজেদের সুসজ্জিত করে প্রতিরোধ গড়ে তোলেন। বরিশাল সদর গার্লস স্কুলে ২৬ মার্চ সকাল ১০ টায় প্রথম সচিবালয় গঠন করা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, বরিশালে বিভিন্ন পেশার কর্মকর্তাদের নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট একটি সচিবালয় গঠন করা হয় এবং তাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বরিশালের বেলস পার্ক, লাকুটিয়া ও শায়েস্তাবাদ এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে এই অঞ্চলে মেজর এম এ জলিলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দখলদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

অনুষ্ঠানে বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. হেলাল উদ্দিন বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আফছার উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীর। এসময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

গৌরনদীতে সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপিকর্মীসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *